ক্লাসে ফিরছেন শিক্ষকরা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার রাতে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে জানানো হয়, জাতীয়করণ সংক্রান্ত বিষয়ে যে দুটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে, তাতে শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈষম্য দূর করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে আর্থিক বিষয়টি নির্ধারণ করার পর প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এ অবস্থায় তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এখন তারা ক্লাসে ফিরে যাবেন।

গত ১১ জুলাই থেকে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। গত ১৯ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু ওই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে শিক্ষকরা একমত হতে না পারায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান। গতকালও তারা কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষকদের বক্তব্য হলো, সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে ব্যাপক বেতন বৈষম্য রয়েছে। এ ছাড়াও বেসরকারি শিক্ষকরা নানাভাবে বঞ্চিত। শিক্ষকরা মনে করেন, জাতীয়করণের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এ কারণে দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে বিভিন্ন সংগঠন।

গতকাল বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছুসংখ্যক শিক্ষক কাফনের কাপড় পরে অনশন শুরু করেন। আন্দোলনরত শিক্ষকদের দাবি, অন্য পেশাজীবীদের দাবি আদায়ে এত লম্বা সময় আন্দোলনে থাকতে হয় না। শুধু শিক্ষকদের ক্ষেত্রে সবকিছুতেই রয়েছে অবহেলা।

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে গত ১১ জুলাই অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষকরা। গতকাল সেটি অনশনে রূপ নেয়। এর আগে ১৯ জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষক ও অন্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানে শিক্ষামন্ত্রী বলেছিলেন, এ বিষয়ে (জাতীয়করণ) আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তবে জাতীয়করণের যৌক্তিকতা আছে কি না, সেটাসহ শিক্ষা, শিক্ষকদের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষকরা।

জাতীয়করণের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাদের নিয়ে গাজীপুরে গত শুক্র ও শনিবার একটি কর্মশালার আয়োজন করলেও আন্দোলনকারী শিক্ষক নেতারা তাতে যোগ দেননি।