বরিশালের গৌরনদীতে দেশীয় পাইপগান, ইয়াবা ও জাল নোটসহ দুলাল প্যাদা নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ও দেশীয় তৈরি দুটি পাইপগান এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে গৌরনদী মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।
গ্রেপ্তার দুলাল প্যাদা মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা। তিনি গৌরনদী উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল দীর্ঘদিন ধরে পৌর এলাকার চরগাধাতলীর বাসিন্দা আব্দুর রশিদ মাস্টারের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সেখানে থেকে দুলাল ইয়াবা ও জাল টাকার ব্যবসা পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার দুপুরে ওই বাসায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া দুলাল প্যাদাকে ১ হাজার ১০০ ইয়াবা, দুটি দেশীয় পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করেছে।
বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কাজী ওবায়দুর কবির বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল প্যাদাকে গ্রেপ্তার করেছি। দুলাল প্যাদার বিরুদ্ধে গৌরনদী ও কালকিনিসহ বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে গৌরনদী মডেল মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দুটি থানায় মামলা করেছে।