প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৭ জুলাই দেশ রূপান্তরের প্রথম পাতায় ‘ডেপুটি স্পিকারসহ ১৩ এমপি জামায়াত নেতার বাড়িতে!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনটির কিছু অংশ সঠিক নয়।

প্রতিবাদপত্রে তিনি বলেছেন, প্রকাশিত সংবাদটির কয়েকটি লাইন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুসহ ১৩ জন সংসদ সদস্যকে হেয়প্রতিপন্ন ও তাদের সুনাম ক্ষুণœ করতে কুচক্রী মহলের ইন্ধনে এ রকম সংবাদ প্রকাশ করা হয়েছে, যা মোটেও কাম্য নয়। ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু ও মহিলা সংসদ সদস্যরা গত ২৬ জুলাই পাবনা জেলা সফরকালে কোনো জামায়াত নেতার বাড়িতে যাননি। তারা মধ্যাহ্নভোজে অংশ নেন ঈশ্বরদীর আরআরপি রেস্ট হাউজে।

প্রতিবেদকের বক্তব্য : উল্লিখিত প্রতিবেদনের কোনো তথ্য বা বক্তব্য প্রতিবেদকের মনগড়া নয়। আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা, সংসদ সদস্য এবং পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন গোলাম আজমের রাজনৈতিক ও ব্যবসায়িক পরিচয় নিশ্চিত করেছেন। তারা জামায়াত নেতা গোলাম আজমসহ তাদের চার ভাই আরআরপি গ্রুপের মালিক বলে জানিয়েছেন। এ-সংক্রান্ত অডিও রেকর্ড দেশ রূপান্তরের কাছে সংরক্ষিত আছে। এ ছাড়া আরআরপি গ্রুপের পৈতৃক বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রেস্ট হাউজ একই চত্বরে এবং আপ্যায়ন অনুষ্ঠান, বৃক্ষরোপণসহ ওইদিনের সব অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর জামায়াতের আমির গোলাম আজম ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে ছিলেন। এ-সংক্রান্ত ছবিও দেশ রূপান্তরের কাছে সংরক্ষিত আছে।