ঢাকায় আজ দুপুর ১২টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; এছাড়া সন্ধ্যা ৭টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঝোড়ো হাওয়ার আকারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার (৪ আগস্ট) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে।