নার্সিং ইনস্টিটিউট দখলের চেষ্টা করায় তিন বছরের জন্য বেতন কমল এসপির

নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ও ভবন মালিক দাবি করা ও দখলের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে তিন বছরের জন্য 'নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ' গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন তাকে এ গুরুদণ্ড প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুর রহিম শাহ চৌধুরী (বিপি-৭০০১১১৬১৬৪) পুলিশ সুপার, পিটিসি, টাঙ্গাইল ইতিপূর্বে বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা-এর বিরুদ্ধে আনীত অভিযোগ, প্রথম ও দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, শুনানিকালে উভয়পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক দলিলপত্রাদি বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক 'অসদাচারণ' এর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩) এর উপ-বিধি (১)(ক) অনুসারে তাকে আগামী তিন বছরের জন্য 'নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ' গুরুদণ্ড প্রদান করা হলো।

এতে বলা হয়েছে, এর আগে ২০২০ সালে আব্দুর রহিম শাহ চৌধুরীকে রাজশাহী জেলার বালিয়াপুকুর দেবীসিংপাড়ার জার্মিনেট প্লাজায় 'মমতা নার্সিং ইনস্টিটিউট' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সম্পৃক্ত হয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ এর বিধি-১৭ ভঙ্গ করা, চেয়ারম্যান ও ভবন মালিক হিসেবে ৩০ শতাংশ অংশীদার দাবি করা, মমতা নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে মত পার্থক্য তৈরি করা ও তা দখল নেওয়ার চেষ্টা করা এবং উক্ত প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের পূর্বক তাকে কারণ দর্শানো হয়।

এর আগে চলতি বছরের মার্চ মাসে তাকে অসদাচরণের অভিযোগে 'তিরস্কার' দণ্ডও প্রদান করা হয়।