নারী বিশ্বকাপ

ইতালিকে বিদায় করে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ইতিহাস

ড্র হলেই শেষ ষোলোয় পা রাখত ইতালি। সেই পথেই ছিল দলটি। কিন্তু যোগ করা সময়ে গোল করে নাটকীয় জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। মেয়েদের বিশ্বকাপেই যা প্রথম জয় দলটির। তাদের এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো ইতালির। আর দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেল শেষ ষোলোয়।

ওয়েলিংটনে বুধবার ‘জি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে এক জয় ও এক ড্রর সুবাদে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সসআপ হলো তারা।

অন্য ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে সুইডেন।

আগামী রবিবার ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সুইডেন শেষ ষোলোয় খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

মেয়েদের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অভিষেক হয়েছিল ২০১৯ সালে। সেবার গ্রুপের তিন ম্যাচের হারে দলটি। এবারের আসরে সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে হারে ২-১ ব্যবধানে। এরপর আর্জেন্টিনার বিপক্ষে ২-২ ড্র করে। এ ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্টের দেখা পায় দলটি। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই কিনা ইতালির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জয়ই তুলে নিল।

এদিন অবশ্য ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইতালি। পেনাল্টি থেকে দলকে লিড এনে দিয়েছিলেন কারুসো। ৩২তম মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। এরপর ৬৭তম মিনিটে হিলডাহ মাগাইয়া গোলে লিড নেয়। তবে কারুসো ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে সমতা টানেন। এরপর যোগ করা সময়ে থেম্বি কগাতলানা গোল করে ম্যাচের ব্যবধান গড়ে দেন।

মেয়েদের র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান ৫৪তম। ইতালির অবস্থান সেখানে ১৬তম। তবে মেয়েদের বিশ্বকাপেও তাদের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। ১৯৯১ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে তারা। ২০ বছরের অপেক্ষার পর ২০১৯ বিশ্বকাপে সুযোগ মেলে। সেরারও কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। তবে এবার আর পারল না।