নজরুল স্মৃতি সংরক্ষণের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ, দক্ষ সংগঠক ও প্রশাসক, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 'বিদ্রোহী দ্যা নজরুল সেন্টার' জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা প্রতিষ্ঠান ডা. মো. শারফুদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ বুধবার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সংগঠনটি 'নজরুল আড্ডা' শিরোনামের অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মহান স্বাধীনতা মুক্তির সংগ্রামের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর মহান মুক্তিযুদ্ধের সময়ে নজরুল ইসলামের অনুপ্রেরণাদায়ক লেখনীর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর জাতীয় কবিকে সম্মান প্রদান করে দেশে ফিরিয়ে নিয়ে আনেন। বঙ্গবন্ধু কবিকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানান।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে 'বিদ্রোহী দ্যা নজরুল সেন্টার'এর পক্ষ থেকে আগামী ২৯ আগস্ট কবির প্রয়াণ দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কবির চিকিৎসা নেওয়ার সময় যে কক্ষে ছিলেন তা খুঁজে বের করে স্মৃতি কক্ষ রূপান্তরের জন্য আজীবন সম্মাননা প্রদানের ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা অন্যকে সম্মান করলে, অন্যরা আমাদের সম্মান করবে। আমি দায়িত্ব নেওয়ার পর বিগত সময়ের উপাচার্যদের স্মৃতি সংরক্ষণ করেছি। তাদের ছবি আমার কার্যালয়ে টানিয়েছি, যাতে তাদের কর্মময় দিনগুলো সামনে ভেসে ওঠে। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে সাজানোর চেষ্টা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে জাতীয় কবির স্মৃতি ধন্য কক্ষ হিসেবে ১১৭ নম্বরকে নজরুল কক্ষ হিসেবে সংরক্ষণ করেছি। এই কক্ষে জাতির পিতা ও বঙ্গমাতা কবিকে দেখতে এসেছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 'বিদ্রোহী দ্যা নজরুল সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক সহকারী অধ্যাপক ডা. ফারুক হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূইয়া, একুশে পদকপ্রাপ্ত নজরুল গবেষক পারভেজ হোসেন, নজরুল গবেষক অধ্যাপক ড. এসএম ইলিয়াছ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, গণতান্ত্রিক ইসলামী ঐক্য কমিটির চেয়ারম্যান মাওলানা মাসুদুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি সৈয়দ বজলুর করিম প্রমুখ উপস্থিত ছিলেন।