সিনেমার সুদিন ফিরতে শুরু করেছে। ‘পরাণ’, ‘হাওয়া’, ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ পর পর সিনেমাগুলো সুপারহিট হওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশায় বুক বেঁধেছেন। অনেকেই ধারণা করছিলেন, আবারও হয়তো সিনেমা প্রযোজনায় মনোযোগী হবে অনেকেই। সেই আশায় খানিকটা হাওয়া দিতে চলে এলো টিএম ফিল্মস। তাদের প্রযোজনায় বড় পর্দার একক সিনেমার যাত্রা শুরু হচ্ছে দুই জনপ্রিয় নির্মাতার হাত ধরে। একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া রায়হান রাফির পরিচালনায় ‘নেক্সট’ ছবিটির নাম ঘোষণার পর এবার দ্বিতীয় নির্মাতার নাম ঘোষণা করল প্রতিষ্ঠানটি। টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি গতকাল রাতে ঘোষণা দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু নির্মাণ করতে যাচ্ছেন তাদের পরবর্তী আরেকটি চলচ্চিত্র। টিএম কার্যালয়ে দুই নির্মাতাই প্রযোজকের সঙ্গে ধরা দেন এক ফ্রেমে। বর্ণাঢ্য আয়োজনে দুটি চলচ্চিত্র নিয়েই বিস্তারিত জানাবে টিএম ফিল্মস। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।
জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের ‘মিউজিক ফর পিস’ কনসার্টে দেশীয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়। সে মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড নায়িকা নারগিস ফাখরিও। করোনা মহামারীর জন্য সিনেমা প্রযোজনার যাত্রা শুরু হতে দেরি হলেও প্রযোজক ফারজানা মুন্নি বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের মানুষ চলচ্চিত্রকে কেমন ভালোবাসে। সে ভালোবাসাকে পুঁজি করেই আমরা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য হাতে নিয়েছি। অংশু এবং রাফি দুজনই ইতিমধ্যে পরীক্ষিত নির্মাতা হিসেবে বড় পর্দায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। টিএম ফিল্মসে তাদের স্বাগত জানাই। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ন’ডরাই নির্মাণের চার বছর পর বড় পর্দার জন্য নির্মাণে আসছেন তানিম রহমান অংশু। টিএম ফিল্মসের সঙ্গে নতুন এ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আমি টিএম পরিবারেরই অংশÑ তাই এ আনন্দের মাত্রা আরও বেশি। আরও তিন বছর আগেই হয়তো ঘোষণাটা আসত, কিন্তু আমরা করোনা মহামারীর কারণে থমকে ছিলাম। তবে এমন নির্মাণের জন্য এটাই সঠিক এবং দারুণ সময়।’
অন্যদিকে বড় পর্দায় একের পর এক সফল চলচ্চিত্র উপহার দিয়ে ইতিমধ্যেই ‘হিটমেকার’ তকমা জুটেছে রাফির। তিনি বলেন, ‘গানবাংলার মাধ্যমে ইতিমধ্যেই বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে গেছেন তারা। আমার দৃঢ় বিশ্বাস ফিল্মের ক্ষেত্রেও তেমন কিছুই ঘটতে যাচ্ছে। টিএম ফিল্মসের আগমন বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। তাদের প্রযোজনায় আমার যে চলচ্চিত্রটি আসছে তা আমার ক্যারিয়ারের বেস্ট কিছু হবে, দর্শকরাও সুন্দর একটা অভিজ্ঞতার মুখোমুখি হবেন বলে আশা করি।’