দুই যুগ ধরে ক্রিস্টোফার নোলানের সিনেমায় বুঁদ দর্শকরা। তার সিনেমা নানা কারণেই ব্যতিক্রম। জনপ্রিয় ধারার সুপারহিরো থাকে না তার সিনেমায়, নেই প্রযুক্তির অতি ব্যবহারও। তারপরও নতুন সিনেমায় মুক্তির পর হুমড়ি খেয়ে পড়ে দর্শক। সদ্য মুক্তি পাওয়া তার ‘ওপেনহাইমার’ ছবিটি বক্স অফিসে ভালোই দাপট দেখাচ্ছে। তবে ছবি মুক্তির আগেও এই নির্মাণে সেভাবে পাওয়া যায় না। তাই তার ব্যক্তিজীবন নিয়েও অনেক ভক্তের কৌতূহলের শেষ নেই।
‘ওপেনহাইমার’ মুক্তি উপলক্ষে হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে নোলান ফাঁস করলেন ব্যক্তিগত জীবনের কিছু কথাও। ক্রিস্টোফার নোলান জানিয়েছেন, তিনি স্মার্টফোন ব্যবহার করেন না। এ নিয়ে তার স্ত্রী, সন্তানরাও পরিচালককে বোকা ভাবেন। পরিচালক বলেন, ‘আমি খুব দ্রুতই মনঃসংযোগ হারাই। সেই কারণেই সবসময় নিজেকে ইন্টারনেটের পরিধির মধ্যে রাখি না। কারণ, একঘেয়েমি দেখা দিলেই মানুষ ইন্টারনেটের দিকে ঝোঁকেন। আমি দুটো কাজের মাঝের ফাঁকা সময়টা অন্যভাবে কাজে লাগাই। ওই সময়েই আমি সব থেকে ভালোভাবে চিন্তা করতে পারি। আমার বেশিরভাগ ভালো ভাবনা সেখান থেকেই আসে। অনলাইনে সময় নষ্ট করার থেকে তাতে আখেরে আমারই লাভ হয়।’ সেই সাক্ষাৎকারে পরিচালক আরও জানান, তিনি এমন ফোন ব্যবহার করেন যেটাতে ইন্টারনেট সহজে ব্যবহার করা যায় না। চিত্রনাট্য লেখার সময়ও এমন কম্পিউটার ব্যবহার করেন, যেখানে ইন্টারনেট সংযোগ নেই। ‘ওপেনহাইমার’-এ অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, ফোরেন্স পিউ, কেসি অ্যাফ্লেক, রামি মালিক প্রমুখ। ‘বার্বি’ ছবির প্রচ- হাইপ থাকা সত্ত্বেও নোলান তার ছবি ‘ওপেনহাইমার’ একই দিনেই মুক্তি দিয়েছেন। কারণ তিনি নিজের ছবিটি নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী ছিলেন। দর্শকও তার সেই বিশ্বাস ভঙ্গ করেনি। ‘বার্বি’র সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে ছবিটি। বিশেষ করে ভারতে ছবিটি ‘বার্বি’র চেয়ে অনেক বেশি ব্যবসা করেছে।