নজরুল স্মৃতি সংরক্ষণ

আজীবন সম্মাননা পাচ্ছেন বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ, দক্ষ সংগঠক ও প্রশাসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ‘নজরুল আড্ডা’ শিরোনামের অনুষ্ঠানে এ ঘোষণা দেয় ‘বিদ্রোহী দ্য নজরুল সেন্টার’। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কবি চিকিৎসা নেওয়ার সময় যে কক্ষে ছিলেন তা খুঁজে বের করে স্মৃতি কক্ষে রূপান্তরের জন্য বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শারফুদ্দিনকে আজীবন সম্মাননা প্রদানের ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। আগামী ২৯ আগস্ট কবির প্রয়াণ দিবসে এ সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্ট স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মহান স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর মহান মুক্তিযুদ্ধের সময়ে নজরুলের অনুপ্রেরণাদায়ক লেখনীর প্রভাব সম্পর্কেও আলোচনা করেন তারা। বক্তারা নজরুলের স্মৃতি সংরক্ষণ করায় বিএসএমএমইউ উপাচার্যের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের’ চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক সহকারী অধ্যাপক ডা. ফারুক হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি