নার্সিং ইনস্টিটিউট দখলের চেষ্টা, বেতন কমল এসপির

রাজশাহীতে একটি নার্সিং ইনস্টিটিউট পরিচালনার সঙ্গে জড়িয়ে সেটি দখলের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরীর বেতন কমানোর সাজা হয়েছে। তাকে তিন বছরের জন্য ‘নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণের’ গুরুদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুর রহিম শাহ চৌধুরী পুলিশ সুপার, পিটিসি, টাঙ্গাইল ইতিপূর্বে বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রথম ও দ্বিতীয় কারণ দর্শানোর জবাব শুনানিকালে উভয় পক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক দলিলপত্রাদি বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়। এ জন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)-এর উপবিধি (১)(ক) অনুসারে তাকে আগামী তিন বছরের জন্য ‘নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ’ গুরুদণ্ড প্রদান করা হলো।

এতে বলা হয়েছে, এর আগে ২০২০ সালে আবদুর রহিম শাহ চৌধুরীকে রাজশাহী জেলার বালিয়াপুকুর দেবীসিংপাড়ার জার্মিনেট প্লাজায় ‘মমতা নার্সিং ইনস্টিটিউট’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে যথাযথ কর্র্তৃপক্ষের বিনা অনুমতিতে সম্পৃক্ত হয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর বিধি-১৭ ভঙ্গ করা, চেয়ারম্যান ও ভবন মালিক হিসেবে ৩০ শতাংশ অংশীদারত্ব দাবি করা, মমতা নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে মতপার্থক্য তৈরি করা ও তা দখল নেওয়ার চেষ্টা করা এবং ওই প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে বিভাগীয় মামলা করে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে তাকে অসদাচরণের অভিযোগে ‘তিরস্কার’ দণ্ড দেওয়া হয়েছিল।