দেশের বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর জন্য সন্তান প্রসবে সি-সেকশন বা সিজারিয়ান সেকশন নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেলিভারির রোগী বেসরকারি ক্লিনিক-হাসপাতালে গেলেই সিজার করিয়ে দেওয়া হয়। অথচ এসব ডেলিভারিতে বেশিরভাগ সিজারিয়ান অপ্রয়োজনীয়। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। গতকাল বুধবার রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে এখন সি-সেকশনের হার ৭০ শতাংশ। বেসরকারি ক্লিনিক-হাসপাতালগুলোতে গেলেই সি-সেকশন করে দেওয়া হয়। এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে।