শোকাবহ আগস্টে নানা কর্মসূচি ঢাকা জেলা আ.লীগের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে ঢাকা জেলা আওয়ামী লীগ। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভা হয়। সভায় কমিটির কার্যকরী সদস্যরা শোক দিবস উপলক্ষে ঢাকা জেলার আওতাধীন উপজেলায় গণভোজের পাশাপাশি আলোচনা সভার পরামর্শ দেন।

সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নেবে ঢাকা জেলা আওয়ামী লীগ। এছাড়া যথাযোগ্য মর্যাদায় ১০ আগস্ট গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবে জেলা আওয়ামী লীগ। ৮ আগস্ট বঙ্গমাতা ও ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানানো ছাড়াও আগস্ট মাসের শেষে আলোচনা সভা করবে ঢাকা জেলা আওয়ামী লীগ।

গতকালের সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। সভায় বক্তব্য রাখেন আবদুল বাতেন মিয়া, ড. এনামুর রহমান ও মাহবুবুর রহমান, আলমগীর হোসেন, আহসানুল হক খোকন শিকদার, মাসুদ চৌধুরী, ইকবাল হোসেন প্রমুখ।