চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। প্রায় ৬ মাসের অপেক্ষা শেষে অবশেষে আজ পিএসজির হয়ে খেলতে নামলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ কোরিয়ার ক্লাব জিওনবুকের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে ফরাসি ক্লাব পিএসজি। নেইমার খেলতে গোল করেছেন ৪০ মিনিটে।
গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ম্যাচে নেইমারের অ্যাঙ্কেল মচকে যায়। ক্ষতিগ্রস্ত হয় লিগামেন্টও। পরে অস্ত্রোপচার হয় তার। পুনর্বাসন শেষে গত মাসে দলের অনুশীলনে ফেরেন তিনি।
কিলিয়ান এমবাপ্পে এ ম্যাচের স্কোয়াডে নেই। তবে শুরুর একাদশে খেলছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকার ছোটভাই ইথান এমবাপ্পে।
প্রাক মৌসুম প্রস্তুতিতে এ ম্যাচের আগ পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে পিএসজি। হেরেছে দুটিতে, অন্য ম্যাচটি ড্র হয়।