ব্রাহ্মণবাড়িয়ার কসবা

মাটির নিচে বিকট শব্দে বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি জমির বিদ্যুতের খুঁটির পাশে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মাটির নিচ থেকে আগুনের লেলিহান শিখা বের হয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলার কসবা-কুটি চৌমুহনী সড়কের পৌর এলাকার বিশারাবাড়ী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ঈদুল আজহায় ওই গ্রামে জবাইকৃত প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে এলাকাবাসী ওই চামড়া মাটির নিচে পুঁতে ফেলেন।

উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ঈদুল আযহায় ওই গ্রামে জবাইকৃত প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে গ্রামবাসী ঘটনাস্থলে ওই চামড়া পুতে ফেলেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ওই পুতে রাখা পশুর চামড়া পঁচে গ্যাস সৃষ্টি হয়ে বুদবুদ আকারে উদগীরন হতে থাকে। কোনো পথচারী সিগারেট খেয়ে ওই স্থানে নিক্ষেপের কারনে এই ঘটনা ঘটেছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি কুরবানির পশুর চামড়া পঁচে গ্যাস সৃষ্টি হওয়ায় বিস্ফোরণ হয়েছে। তবে কসবা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। তাই এ বিষয়ে সালদা ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। অগ্নোৎপাতের ঘটনাটি পশুর চামড়া পঁচে নাকি প্রাকৃতিক গ্যাসের কারণে হয়েছে তা যাচাই-বাছাই করা হবে।