কে হচ্ছেন নতুন অধিনায়ক, সময় চাইলেন পাপন

বিশ্বকাপের অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে ভাবনায় রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আজ তামিম নিজে থেকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এতে নতুন অধিনায়কের দুঃশ্চিন্তায় পড়েছে বিসিবি।

তামিমের অবর্তমানে ওয়ানডেতে লিটন দাস বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন। তবে এখন তো আর শুধু এক সিরিজের জন্য নয়, এই ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে বোর্ডকে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাইছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। এজন্য একটু সময় চাইলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কেননা অধিনায়ক ইস্যুতে কথা বলতে চান কয়েকজনের সঙ্গে।

অধিনায়ক হিসেবে এই সময়ে সবচেয়ে যোগ্য এবং এগিয়ে থাকাদের তালিকায় আছেন সাকিব আল হাসান। এছাড়া লিটন দাসেরও অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা আছে। এ দুজন ছাড়া সময়ে-সময়ে অধিনায়ক হিসেবে নাম উঠেছিল মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের নাম।

তবে এখন খন্ডকালীন কাউকে রাখা যাবে না। পূর্ণ অধিনায়ক হিসেবে কাকে নিশ্চিত করা হবে তা জানাতে একটু সময় চেয়ে পাপন বলেন, ‘এটা তো এখনও বলা কঠিন। ও যদি বলত যে ও এশিয়া কাপটা খেলছে না তো আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস হতো। কিন্তু এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে এটা আমি আজই জানলাম। তো এটা এখনও বলা যাচ্ছে না, এটা কয়েকজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।’

দলের কথা চিন্তা করে নেতৃত্ব ছেড়ে দেওয়ায় তামিমকে ধন্যবাদ জানিয়েছেন পাপন। পাশাপাশি তামিমের দ্রুত সুস্থতাও কামনা করলেন, ‘যদিও আমি সবসময় বলেছি বিশ্বকাপ পর্যন্ত সেই অধিনায়ক থাকবে। তো এটা একটা অনিশ্চয়তা কোন ম্যাচ খেলতে পারবে কোনটা পারবে না। এটা আসলে তামিমেরও ভাল লাগছে না। ও দলের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হল সে কত জলদি রিকভার করে ফিরে আসে। এশিয়া কাপ খেলতে গেলে তো ওর ইনজুরি পারমানেন্ট ডেমেজ হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমি পূর্ণ নিশ্চিত সে নিউজিল্যান্ড সিরিজে ফিরবে।’