ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের

কু‌ড়িগ্রামের উলিপুরে নিজ বাড়ির সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আজম আলী (৫৩) না‌মের এক‌ স্কুল শিক্ষ‌কের প্রাণহানি হ‌য়ে‌ছে। চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন তিনি।

শুক্রবার (০৪ আগস্ট) দুপু‌রে হা‌তিয়া ইউনিয়‌নের হাজির বাজার এলাকায় ওই শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আজম আলী শিক্ষকতার পাশাপা‌শি বিদ‌্যু‌তের কাজ কর‌তেন। শুক্রবার স্কুল বন্ধ থাকায় বা‌ড়ি‌তে নি‌জের সি‌লিং ফ‌্যান মেরামত কর‌ছি‌লেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌ন। পরিবারে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে পথেই তার মৃত‌্যু হয়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকরের মৃত্যু নিশ্চিত করে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে এক‌টি অপমৃত‌্যুর মামলা হ‌বে।