খুলনায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

খুলনায় ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত বৃহস্পতিবার রাতে নগরীর লবণচরা থানা এলাকার আদিউজ্জামান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে নগরীর লবণচরা থানার আদিউজ্জামান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা র‌্যাব। গ্রেফতার রবিউল ইসলামকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আনাম বান্না জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একটি ঘরে ভিকটিম কিশোরী তার বাবার জন্য খাবার নিয়ে যেত। বাবার জন্য খাবার নিয়ে যাওয়া-আসার পথে রবিউল ইসলামের কুনজর পড়ে তার ওপর। ২০১০ সালে জানুয়ারি মাসের কোনো একদিন সন্ধ্যায় বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে আসামি রবিউল ওই কিশোরীর মুখে ওড়না চেপে ধরে পাশ্ববর্তী পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে ঘটনাটি তার পরিবার চেপে যায়। পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

কিশোরীর পিতা বাদী হয়ে রবিউলকে আসামি করে আশাশুনি থানায় মামলা দায়ের করেন। মামলার বিচারকাজ শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি রবিউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। এরপর থেকেই সে পলাতক ছিল।