ইউরোপিয়ান ফুটবলে সদ্য শেষ হওয়া মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির। ট্রেবল জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগ জিতেই সিটির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন দলের অধিনায়ক ইকাই গুনদোয়ান। পাড়ি জমিয়েছেন স্পেনে। ইতোমধ্যে বার্সেলোনায় অভিষেকও হয়ে গেছে তার। তবে তাকেই নিয়েই থেমে নেই কাতালান ক্লাবটি। এবার তারা নজর দিয়েছে বার্নার্দো সিলভার দিকে।
আর তাতেই চটেছেন ম্যানসিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা। বলেছেন, ‘আমি এমন ফুটবলারকে চাই না, যার এখানে থাকতে অনাগ্রহী। যার সিটিতে থাকতে চায় আমি কেবল তাদেরকেই দলে চাই।’
তারপরই নিজের প্রাক্তন ক্লাব বার্সার সমালোচনা করেছেন গার্দিওলা। কাতালানদের নিন্দা করে তিনি বলেন, ‘একজন ফুটবলারকে অন্য ক্লাব চাইতেই পারে। কিন্তু এর জন্য দরকার সঠিক প্রস্তাব, যেটা আমরা তাদের কাছ থেকে পাইনি। যদি তারা তাকে নিতে চায়, তাহলে বিমানে উঠে ম্যানচেস্টারে আসবে এবং আমাদের ক্রীড়া পরিচালকের সঙ্গে কথা বলবে।’
দলের সাফল্যের কাণ্ডারি ইকাই গুনদোয়ানকে হারানোর পর এবার ম্যানসিটি মরিয়া কাইল ওয়াকারকে ধরে রাখতে। ইতোমধ্যে তাকে পেতে চেষ্টা চালাচ্ছে বায়ার্ন মিউনিখ। প্রথম প্রস্তাব ব্যর্থ হলেও এবার দ্বিতীয় প্রস্তাব দিয়েছে তারা।