‘বিধাতার কি এ এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তার পরিকল্পনা আরেক- যা সাধারণের বোঝা বড় দায়। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছি। এই সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল শমী আপু (শমী কায়সার) বললেন, তোমাদের তো শুক্রবার ও শনিবার শুটিং নেই। তাহলে রেডি থেকো। তোমাদের আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব। শুনেই তো আমি ভীষণ এক্সাইটেড। মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব। গেল দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানান অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হব। আরও কত কী যে ভাবনা মনের মধ্যে। চাইলেই কি আর সব পূরণ হয়। রাত শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে উঠেই শুনি পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গেল কিছুদিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।’
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার নতুন ছবি ‘দিগন্তে ফুলের আগুন’-এ পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন। তার মৃত্যুতে মিমের অনুভূতি এভাবেই ফেসবুকের ওয়ালে প্রকাশ করেছেন।