টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে ঘুরতে বের হয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়া নয়াপাড়া এলাকায় স্বামীকে আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যায় বখাটেরা। এ ঘটনা জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো কচুয়া দক্ষিণ পাড়া এলাকার বুলবুল আহমেদ (২৪), লাবু মিয়া (২৬), মোহাম্মদ বাবুল (৩০), আসিফ (২৩), শফিক আহমেদ (২৫), মোজাম্মেল (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূ স্বামীর সঙ্গে ঘুরতে যান উপজেলার কচুয়া চাঁদের হাট এলাকায়। বাড়ি ফেরার পথে চাঁদের হাট কলেজের উত্তর পাশে গজারি বনের ভেতর স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করলে রাতেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ধর্ষণের অভিযোগে আসামিদের গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে পাঠানো হয়েছে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে।