ঈদের ষষ্ঠ সপ্তাহে এসেও নিরব-বুবলী জুটির ‘ক্যাসিনো’ সিনেমাটি চলছে ৯ হলে। দর্শকরাও ছবিটিকে গ্রহণ করেছেন।
শুক্রবার থেকে সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, গুরুদাসপুরের আনন্দ, বৈশাখী সিনেমা কালুখালী, সোনালি সিনেমা ঈশ্বরগঞ্জ, তুলি সিনেমা, নাভারন, মধুমিতা ভৈরব, পূর্বাশা, সান্তাহার, কুষ্টিয়ার খোকসার মোনামীতে চলছে সিনেমাটি।
চিত্রনায়ক নিরব বলেন, ‘ক্যাসিনো সিনেমাটি দর্শকদের ভালো লাগার মতো সিনেমা। এখন পর্যন্ত যে প্রতিক্রিয়াগুলো পেয়েছি সিনেমাটি নিয়ে, তা খুব আশা তৈরি করার মতো। ঈদের এত দিন পরে এসেও ৯টি হলে চলছে ছবিটি, দেশের বাইরেও মুক্তির প্রক্রিয়া চলছে।’
তিনি আরও বলেন, ‘নিজের সিনেমা বলে বলছি না, এটা সমসাময়িক একটা ভালো সিনেমা। ভালো সিনেমা বলেই ধীরে ধীরে এটা চলমান। ঈদের এত দিন পরে যখন একটা সিনেমা চলে তখন বুঝতে হবে এতে কিছু আছে, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।’
এদিকে আগস্টের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে এর মুক্তির কথা ভাবছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
নিরব-বুবলী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দিলরুবা দোয়েল প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।