টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল ও কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
শনিবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে আসেন তিনি।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, কুমুদিনী কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানগুলো খুব ভাল কাজ করছে। এখানে এসে আমি খুবই আনন্দিত।
মার্কিন রাষ্ট্রদূত সকাল পৌনে ১০টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক সম্পা সাহা, পরিচালক মহবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।
পরে কুমুদিনী লাইব্রেরিতে চা পান শেষে রাষ্ট্রদূত কুমুদিনী মিলনায়তনে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর মার্কিন রাষ্ট্রদূত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।