কাতার বিশ্বকাপে ‘মুখোশ পরা’ ফুটবলাররা নজর কেড়েছিলেন। তাদের একজন ক্রোয়েশিয়ান ফুটবলার জোসকো ভার্দিওল। ডান চোখের নিচে একটি চোট ছিল, সেটাকে ঢেকে রাখতেই এই সুরক্ষা মুখোশ। বিশ্বকাপে ক্রোয়েশিয়া সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল। সেই ম্যাচেই আলোচনায় আসেন ভার্দিওল।
ক্রোয়েশিয়ান এই ফুটবলার খেলতেন বুন্দেসলিগার দল আরবি লাইপজিগ। ২০২০ সালে সেখানে যোগ দিয়ে তিন বছর ছিলেন। মাঝে ধারে খেলতে যান অন্যত্র। তবে এবার পাকাপাকিভাবে জার্মানি থেকে বিদায় নিচ্ছেন তিনি। পাড়ি দিয়েছেন ইংল্যান্ডে। কারণ ২১ বছর বয়সী এই ফুটবলারকে ৫ বছরের চুক্তিতে কিনে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তাকে দলে ভিড়িছেছে সিটি। শুক্রবার তার মেডিকেল চেকআপ শেষ হয়েছে।
তাকে দলে নিতে পেরে খুশি সিটিও। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করেছে, ‘ম্যানচেস্টার সিটি পাঁচ বছরের চুক্তিতে আরবি লাইপজিগ থেকে জোসকো ভার্দিওলকে নিতে পেরে আনন্দিত।’
২১ বছর বয়সী এই ফুটবলার নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমি সবসময়ই ইংল্যান্ডে একদিন খেলব, এমন স্বপ্ন দেখতাম। অবশেষে ম্যানচেস্টার সিটিতে আসার মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি সত্যিই অনেক সম্মানীত বোধ করছি।’
গার্দিওল বলেছেন, ‘গত মৌসুমে আর্লিং হালান্ড দুর্দান্ত খেলেছে। তাকে অভিনন্দন। তাকে সতীর্থ হিসেবে পাওয়া দারুণ। বিশ্বের সেরা হতে যা যা দরকার, সবই আছে তার মধ্যে। সৌভাগ্যবশত এখন আমি তার দলে এবং তাকে নিয়ে আমাকে আর ভাবতে হবে না।’