জাতীয় দলের জন্য এলপিএল ছাড়ছেন হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগের সময়টা খুব বাড়াচ্ছেন না তাওহিদ হৃদয়। জাফনা কিংসের হয়ে দুর্দান্ত খেলছিলেন। তাই দলটির পক্ষ থেকে তাকে পুরো মৌসুম খেলার প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু হৃদয় সেই প্রস্তাব ফিরিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরবেন। ৮ তারিখ শেষ ম্যাচ খেলে ৯ আগস্ট বাংলাদেশে ফিরে আসবেন এই ব্যাটার।

জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্যই শ্রীলঙ্কা পর্ব আর দীর্ঘ করেননি হৃদয়। ক্রিকেট অপারেশন্স থেকে ৮ তারিখ পর্যন্তই অনাপত্তিপত্র নিয়েছিলেন এই ব্যাটার। তা আর বাড়াতে আবেদন করেননি।

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনার হয়ে তিন ম্যাচ খেলেছেন হৃদয়। তাকে শোয়েব মালিকের বদলী হিসেবে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত তিন ম্যাচে ৩৯ বলে ৫৪, ২০ বলে ২৪ ও শেষ ম্যাচে সাকিব আল হাসানের দলের বিপক্ষে মাত্র ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। আজ এবং আগামী দুই দিন মোট তিনটি ম্যাচ আছে জাফনা কিংসের।

টুর্নামেন্টে ৩ ম্যাচ শেষে ২ জয়ে রান রান রেটে এগিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাফনা। দলটির প্লে অফে যেতে হলে মিডলঅর্ডারে ইনফর্ম হৃদয়কে প্রয়োজন। তাই বাংলাদেশ ব্যাটারকে পুরো টুর্নামেন্ট খেলার প্রস্তাব দিয়েছিল তারা।