৮ কোটি ৩০ লাখ ইউরোতে হোইলুন ম্যানইউয়ে

একজন জাত স্ট্রাইকারের খোঁজে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের গ্রীষ্মের দল-বদলে সেই অভাবটা ম্যানইউ পূরণ করেছে ড্যানিশ স্ট্রাইকার রাসমুস হোইলুনকে দলে নিয়ে। সব কিছু আগেই ঠিক ছিল।

হোইলুনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো আজ। পাঁচ বছরের চুক্তিতে ৮৩ মিলিয়ন (৮ কোটি ৩০ লাখ) ইউরোতে ম্যানউইতে যোগ দিয়েছেন ২০ বছর বয়সী এ স্ট্রাইকার।

জানুয়ারিতে শীতকালীন দল-বদলে নেদারল্যান্ডসের ওয়েহর্স্টকে দলে নিয়েছিল ম্যানইউ। তবে ৩১ ম্যাচে মাত্র দুই গোল করেন তিনি। ২০২২ সালের আগস্টে ইতালিয়ান ক্লাব আতালান্তায় যোগ দেন হোইলুন। গত মৌসুমে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচে ১০ গোল করেন। উন্নতির ধারায় তার সামনে এবার নতুন চ্যালেঞ্জ।

দলে যোগ দিয়ে হোইলুন বলেন, ‘এটা গোপন কিছু নয়, ছোটবেলা থেকেই আমি এই ক্লাবটির সমর্থক। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার স্বপ্ন দেখতাম। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। ক্লাব আমার ওপর যে বিশ্বাস রেখেছে, আমি তার প্রতিদান দিতে দৃঢ় প্রতিজ্ঞ।’

ডেনমার্ক জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন হোইলুন।