জাতিসংঘের নবগঠিত বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে বাহ্যিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইক্যাড) পরিচালক এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘোষণা দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিনিয়ত যেসব আবিষ্কার হচ্ছে, সে বিষয়ে জাতিংঘের শীর্ষ কর্মকর্তাদের ওয়াকিবহাল করা হবে এই বোর্ডের অন্যতম প্রধান কাজ।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘তথ্য ও উপাত্তের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে জাতিসংঘকে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে এই বোর্ড। এ ছাড়াও আমাদের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিষদকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন এই বিশেষজ্ঞরা।’
অধ্যাপক ড. সালিমুল হক বলেন, ‘জাতিসংঘের বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের। আমার দৃঢ় বিশ্বাস, আমরা সবাই মিলে একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ইতিবাচক পরিবর্তন আনতে পারব।’ বিজ্ঞপ্তি