গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পর্শে রায়হান মিয়া (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে স্থানীয় ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আজ রবিবার (০৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান একই ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রায়হান তার বাবার দোকানে ছিল। সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করার সময় অসাবধানতায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এসময় আশেপাশেরর লোক এসে রায়হানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব।