ফরিদপুর

১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. সাকিল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (৬ আগস্ট) সকালে গ্রেপ্তার যুবককে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সাকিল কুমিল্লার বাহ্মণপাড়া থানার শশীদল এলাকার বাসিন্দা।

এর আগে গতকাল শনিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আতাদী এলাকার ভাঙ্গা টোল প্লাজার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, খবর পেয়ে একটি বাস থেকে আসামির দুই পায়ের মাঝে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভিতর টেপে মোড়ানো পলিথিনের দুইটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। সাকিল কুমিল্লা থেকে গাঁজা নিয়ে করে ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে সরবরাহ করে।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের। সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন। গ্রেপ্তার সাকিলকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।