পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০, আহত ৮০

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৮০ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রবিবার (আগস্ট ০৬) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

প্রতিবেদনে আরও বলা হয়, দুপুরে করাচী থেকে ২৭৫ কিলোমিটার দূরে সিন্ধু প্রদেশের নবাবশাহ জেলার সাহারা স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটির নাম হাজারা এক্সপ্রেস। ১৭টি বগির এই ট্রেনটিতে ৯৫০ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে।

বেনজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বালুচ এক বিবৃতিতে বলেন, বিধ্বস্ত ১০টি বগির মধ্যে নয়টি খালি করা হয়েছে। যাত্রীরা এখনও একটি বগিতে আটকা রয়েছেন। তাদের পুনরুদ্ধারের জন্য একটি উদ্ধারকারী ট্রেন আসছে। এছাড়া জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এতে প্রভাবিত হয়েছে হাজারও সাধারণ মানুষের দৈনিক জীবন। তবে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। আপাতত পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন করতে ১৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

কর্তৃপক্ষের আশঙ্কা, দুর্ঘটনাকবলিত ট্রেনটি তার ধারণক্ষমতার চেয়েও বেশি সংখ্যক লোক বহন করেছে। তবে স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। সেখানে শতাধিকের বেশি পুলিশ ও সেনা সদস্য উদ্ধারকাজে অংশ নিয়েছে।