১২ বার গ্র্যামিজয়ী বিশ^বিখ্যাত পপ তারকা টেলর সুইফট অনন্য নজির গড়লেন। ৫০ জন ট্রাকচালককে ৫০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ৫০ কোটির বেশি) বোনাস দিয়েছেন বিশ্বের অন্যতম ধনী এই গায়িকা। ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ ট্যুর’-এ যে ট্রাকচালকরা গায়িকার সঙ্গে ছিলেন তাদের এই বোনাস দিয়েছেন তিনি। বর্তমানে ‘দ্য এরাজ ট্যুর’ নিয়ে ব্যস্ত গায়িকা। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে এই ট্যুর। আগামী বছর ১৭ আগস্ট শেষ হবে। লাভজনক এই ট্যুর থেকে প্রায় ১০০ কোটি ডলার আয় করবেন গায়িকা। বিভিন্ন শহরের এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যাওয়ার জন্য ট্রাক ব্যবহার করেন পপ তারকা। টেলরের ‘দ্য এরাজ ট্যুর’-এ আছেন ৫০ জন ট্রাকচালক। তাদের প্রত্যেককে এমন মোটা অঙ্কের বোনাস দেওয়া হয়েছে। আমেরিকায় ট্যুরের শেষ পর্বে এসে গায়িকার থেকে এমন উপহার পেয়ে অভিভূত ট্রাকচালকরা। শুধু ট্রাকচালকরাই নন, নিজের ব্যান্ডের সংগীতশিল্পী, নৃত্যশিল্পীসহ প্রত্যেক সদস্যকেই বড় অঙ্কের অর্থ ও উপহারসামগ্রী দিয়েছেন টেলর। টেলরের এই পদক্ষেপের প্রশংসা করেছেন বিনোদন জগতের অন্য শিল্পীরাও। শুধু নিজের কথা না ভেবে বাকিদের জন্যও ভাবতে পারেন একমাত্র টেলরই। সামাজিক যোগাযোগ মাধ্যমও প্রশংসায় ভরে গেছে ভক্তদের নানা মন্তব্যে।