ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরে লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাছিমা মুকাই আলীর সার্বিক তত্ত্বাবধানে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাছিমা মুকাই আলী বলেন, বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় সন্তান শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরে ২০ হাজার চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের ফাউন্ডেশন সব সময়ই সামাজিক কাজ করে থাকে। গত ঈদে উপজেলার প্রায় ৫০ হাজার অসহায় ব্যক্তির মাঝে কাপড় বিতরণ করা হয়।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম। এ ছাড়া ছিলেন উপজেলা প্রাথমিক, মাধ্যমিক প্রধান শিক্ষক, ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণির পেশাজীবী।
চারা বিতরণের আয়োজনে ছিলেন লুৎফর রহমান ফাউন্ডেশনের সদস্যরা।