কুবিতে সংবাদকর্মীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রথমে সমাবেশ এবং পরে অবস্থান কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।

সমাবেশ কর্মসূচিতে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস বলেন, ‘যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল, সেখানে সাংবাদিকের ব্যক্তিগত কোনো বক্তব্য ছিল না। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন যেভাবে বহিষ্কার করেছে তা কোনো আইন সমর্থন করে না। এ ছাড়া কোন শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, উচ্চপর্যায়ের সভায় কারা ছিলেন, কীভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট নয়। তারা ভেবেছিলেন ইকবালকে বহিষ্কারের মাধ্যমে সাংবাদিক সমিতির অন্য সাংবাদিকদের কলমকে বন্ধ করে দেওয়া যাবে।’