খেলাধুলার মাধ্যমে শিশুদের শিখন প্রক্রিয়াকে আনন্দময় করতে রাজধানীতে শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। আনন্দলাভ, অনুসন্ধান, সমস্যা থেকে উত্তরণ ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে শিশুদের খেলার প্রতি উৎসাহ দেওয়াই ছিল এ মেলার প্রধান উদ্দেশ্য। একইসাথে খেলার মাধ্যমে শেখার সুবিধা ও শিশুদের জন্য নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেষ্ট করাও ছিল এর অন্যতম লক্ষ্য।
শনিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে দিনব্যাপী শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। লেগো ফাউন্ডেশনের অর্থায়নে সেভ দ্য চিলড্রেন: বাংলাদেশ শাখার ‘চ্যাম্পিয়নিং প্লে’ প্রকল্পের অধীনে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ৩ থেকে ১০ বছর বয়সী শিশু ও তাদের অভিভাবকরা অনলাইন প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে সকাল ও দুপুরের সেশনে অংশগ্রহণ করেন। মেলায় প্রবেশ করে প্রথমেই দেখা যায় রংবিহীন ছবির বোর্ডগুলো। শিশুদের প্রথম আকর্ষণের জায়গা ছিল এসব বোর্ড।
মেলার একপাশে ছিল ‘খেলনার কারিগর’। যেখানে শিশুরা কাগজ দিয়ে খেলনা তৈরির পদ্ধতি শিখছে। কিছু শিশু ‘আঁকিবুকি’ স্টলে গিয়ে ইচ্ছামতো ছবি আঁকছে। নানা ধরনের খেলার উপকরণ দিয়ে সাজানো ছিল স্টল ‘যা ইচ্ছা তাই’। ছিল মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরির স্টল ‘মাটি নিয়ে মাতামাতি’। এ ছাড়া আধাঘণ্টা করে দুই সেশনে ছিল ‘পুতুল নাচ’।