বরিশালে বৃষ্টিতে জলাবদ্ধতা

বরিশালে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর ৩০ টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া সরকারি ব্রজমোহন কলেজ কম্পাসের পুরো এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পরেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ পেশাজীবী মানুষ।

আজ সোমবার বিকেলে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল দেশ রূপান্তরকে বলেন, বিকেল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আষাঢ় মাসে স্বাভাবিক তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় শ্রাবণ মাসে বৃষ্টির পরিমাণ বেড়েছে।

এ ছাড়া বরিশাল বিভাগে এই বৃষ্টিপাত পরবর্তী ৪৮ ঘণ্টা বিরাজ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, টানা তিন দিন বৃষ্টিপাতে বরিশাল নগরীর ২১, ২২, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডসহ কাকলীর মোর, চৌমাথার নবগ্রাম রোড, বঙ্গবন্ধু উদ্যানসহ নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় নগরীতে শুনশান নীরবতা ছিল। বেশিরভাগ সড়কেই পানি জমে গেছে। পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছেন ক‌য়েক হাজার মানুষ। বর্তমানে ফুটপাত ছাড়িয়ে দোকানপাট ও বাসা-বাড়িতেও পানি ঢুকতে শুরু করেছে।