অস্কারজয়ী ভারতীয় নির্মাতার বিরুদ্ধে অভিযোগ

৯৫তম অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’। ছবিটি নির্মিত হয়েছে এক হস্তীশাবক ও বোমান-বেলি মাহুত দম্পতিকে ঘিরে। তারা ভারতের তামিলনাড়ুর মুদুমালাই অঞ্চলের বাসিন্দা। একদা একটি হস্তীশাবককে মৃত্যুর হাত থেকে বাঁচান তারা। এরপর তাকে ‘রঘু’ নামে লালনপালন করতে থাকেন। এরপর আরও একটি হস্তীশাবক আসে তাদের পরিবারে। তাদের নিয়েই বোমান ও বেলির টানাপড়েনের জীবন। সম্প্রতি সেই দম্পতিই অভিযোগ তুলেছেন, তাদের কোনো সহযোগিতা বা সম্মানী দেওয়া হয়নি। এজন্য নির্মাতা কার্তিকি গনসালভেস বরাবর আইনি নোটিস পাঠিয়েছেন তারা। সেখানে দুই কোটি রুপি সম্মানী দাবি করেছেন। কথা ছিল, বোমান ও বেলি দম্পতিকে একটি উপযুক্ত বাড়ি বানিয়ে দেবেন কার্তিকি ও তার প্রযোজক গুনীত মঙ্গা। সেই সঙ্গে চলাচলের জন্য একটি বাহন ও তথ্যচিত্রে সময় ও পরিশ্রম দেওয়ার জন্য পর্যাপ্ত আর্থিক পারিশ্রমিক দেবেন। এদিকে, কার্তিকি গনসালভেসের পক্ষ থেকে একটি লিখিত জবাব তার কাছে পাঠানো হয়েছে। মনসুরের ভাষ্য, ‘নির্মাতা যেকোনো সহযোগিতা করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, তিনি নাকি এই দম্পতিকে এর আগে টাকা দিয়েছেন। আমার ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করে কয়েক দিনের মধ্যে তাকে আবার জবাব পাঠাব।’