টিকটককে জরিমানা করবে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে চীনা মালিকানাধীন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে কয়েক মিলিয়ন ডলারের জরিমানা করতে যাচ্ছে। আগামী চার সপ্তাহের মধ্যে এই জরিমানা করা হবে বলে মনে করছেন অনেকে। শনিবার ৫ আগস্ট সংবাদ সংস্থা আনাদোলা এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা বোর্ড চীনা মালিকানাধীন এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে জরিমানা করতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের ইউরোপীয় সদর দপ্তর রায় ঘোষণার আগে সমাঝোতা করার চেষ্টা করেছিল। কিন্তু তা সম্ভব হয়নি। আইন অনুযায়ী ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের তথ্য গোপন রাখার বিষয়টি মেনে নিয়েছিল টিকটক। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল পরিষেবা আইন অনুসারে টিকটক, গুগল এবং ফেসবুকসহ প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে অবৈধ বিষয়বস্তু নিরীক্ষণ এবং অপসারণ করতে বাধ্য থাকবে।