০
আদালত প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মামলাটি করেন তিনি। রিজভী ‘অর্ধপাগল ও অর্ধশিক্ষিত বলায়’ ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে আরজিতে দাবি করেছেন হিরো আলম।
আদালত হিরো আলমের জবানবন্দি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে আগামী ১৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের আদেশ দেয়। মামলায় দণ্ডবিধির ৫০০/৫০১/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
রিজভীর বিরুদ্ধে মামলা করার পর আদালত প্রাঙ্গণে হিরো আলম সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে কোনো বিএনপি নেতা কিংবা আওয়ামী লীগ নেতা বা যে কেউ যেন আমাকে নিয়ে এরকম ব্যঙ্গবিদ্রুপ করে কথা না বলে, সে বিষয়ে সতর্ক করে দেওয়ার জন্য এই মামলা।