রাজধানীর বাড্ডার জিএম বাড়ি এলাকায় একটি বাসায় রনি মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিজের গায়ে আগুন দিয়েছে বলে জানা গেছে। দগ্ধ অবস্থায় ওই রিকশাচালককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর গ্রামে।
হাসপাতালে দগ্ধ রনি মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার জানান, তারা জিএম বাড়ি পানির পাম্প সংলগ্ন আনিসের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রনি পেশায় রিকশাচালক এবং তিনি গার্মেন্টে চাকরি করেন। এক মেয়েসহ ওই বাড়িতে ভাড়া থাকেন।
তিনি জানান, রনি নিয়মিত রিকশা চালান না। এ ছাড়া জুয়া খেলায় আসক্ত তিনি। এর জন্য বেশ কিছু টাকা ঋণগ্রস্ত। সোমবার দিবাগত রাতে বাসায় ফেরেন। এরপর সবার অগোচরে বাসার বাইরে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। তখন তার চিৎকারে ঘর থেকে বের হয়ে স্ত্রী সোনিয়া তার শরীরের আগুন নেভান। সঙ্গে সঙ্গে তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, রনির শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।