ওয়ানডে অধিনায়ক জানা যাবে আজ

মিরপুরে আজ বিশ্বকাপ ট্রফি আসার দিন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণ আলো করে রাখবে এই ট্রফি। কিন্তু এ আনন্দ ছাপিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় বসতে হবে বিসিবি কর্তাদের। এশিয়া কাপ, বিশ্বকাপ এবং পরবর্তী অন্তত দুই বছরের জন্য ওয়ানডে অধিনায়ক ঘোষণা নিয়ে হবে সভা। এ সভা শেষে জানা যাবে বাংলাদেশ ক্রিকেটের ১৫তম ওয়ানডে অধিনায়কের নাম। যার কাঁধে চড়ে ভারত বিশ্বকাপে পরম কাক্সিক্ষত লক্ষ্য পূরণে যাবে বাংলাদেশ ক্রিকেট।

কালই সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ নিয়ে তাদের পরিকল্পনা ও সামনের দুই মাসে তাদের প্রস্তুতিটা কেমন হবে তা এই দল ঘোষণা থেকেই বোঝা যায়। অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিবেশটা এমনই। টেস্টের তিন দিন আগে পুরো একাদশ ঘোষণা করে দেওয়ার রীতি আছে তাদের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আগেভাগে দল দিয়েছিল তারা। অস্ট্রেলিয়ার মতো অন্য বিশ্বকাপ দলগুলোও নিজেদের প্রস্তুতির ব্যাপারটা এগিয়ে রেখেছে অনেক দূর। কিন্তু বাংলাদেশ পিছিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। বাংলাদেশের বিশ্বকাপ অধিনায়ক এখনো নিশ্চিত হয়নি।

গত এক মাসে দলের বাইরের বিষয় নিয়ে তোলপাড় ছিল বাংলাদেশের ক্রিকেট। এটা অবশ্য নতুন কিছু নয়। প্রায়ই বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটের বাইরের বিষয় নিয়েই আলোড়ন ওঠে। এবার যেমন গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল অবসর ঘোষণার পর অস্থিরতা শুরু হয় দেশের ক্রিকেট। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর তামিম ২৯ ঘণ্টার মধ্যে খেলায় ফেরার ঘোষণা দেন। তখন তামিম জানিয়েছিলেন, তিনি অধিনায়ক হয়ে ফিরবেন নাকি শুধু খেলোয়াড় হিসেবে- সেটি ঠিক হবে বিসিবির সঙ্গে বৈঠকের পর। এই অবসর কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে গেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার তামিম নেতৃত্ব ছাড়বেন সেই সিদ্ধান্ত জানানোর বৈঠকেও যুক্ত হতে হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে।

আজকের বোর্ডসভায় প্রধানমন্ত্রী যুক্ত হবেন না হয়তো, কিন্তু নতুন অধিনায়ক ঘোষণার আগেও জরুরি বৈঠক করতে হচ্ছে বিসিবিকে। দুপুর ২টায় শুরু হওয়া এ বৈঠক কয়টা নাগাদ শেষ হয়, তা আগে থেকে বলা যায় না। কারণ গত কিছুদিনে বাংলাদেশের জরুরি বৈঠক শুরু ও শেষ হতে দিনের আলো ফুরিয়ে রাতের আঁধার চলে আসে। আজকের বোর্ডসভার মূল কারণ জানিয়ে এক বোর্ড পরিচালক বলেন, ‘ওয়ানডে অধিনায়ক ঠিক করার জন্য মূলত বোর্ড মিটিং ডাকা হয়েছে। আগামীকালই (আজ) ঠিক হয়ে যাচ্ছে, কে হচ্ছেন আমাদের নতুন অধিনায়ক।’

ধরা যায় অধিনায়ক ঠিক হয়েই আছেন, শুধু ঘোষণা বাকি। প্রশ্ন উঠেছে, দুই বলের দুই ফরম্যাটে আলাদা দুই অধিনায়কের পথে বিসিবি হাঁটবে কি না। ২০১৪ সালে মাশরাফী বিন মোর্ত্তজার কাঁধে সাদা বলের আর মুশফিকুর রহিমের কাঁধে লাল বলের নেতৃত্ব দিয়েছিল বোর্ড। এ সম্ভাবনা নিয়ে বোর্ডসংশ্লিষ্ট একজন দেশ রূপান্তরকে বলছিলেন, ‘সাকিব বর্তমান অধিনায়ক তো আছেই। তার সঙ্গে নতুন করে আলোচনা করার তো কিছু নেই। আর এক বিষয়ে বারবার আলোচনারও কিছু নেই। বিসিবি প্রধান বা ক্রিকেট অপারেশনস প্রধান যাকে অধিনায়ক করতে চান তাকে ফোন দেবেন। তার সিদ্ধান্ত জানার পর টিম ম্যানেজমেন্টকে জানাবেন, এটাই নিয়ম।’

এখানে ‘বারবার আলোচনারও কিছু নেই’ অংশ সামনে নিলেই স্পষ্ট নেতৃত্ব ইস্যুতে সাকিব আল হাসান বা লিটন দাস অথবা যাকে নেতৃত্ব দেওয়া হবে তার সঙ্গে ফোনালাপ হয়ে গেছে বোর্ডের উচ্চপদস্থ কারও। লাল-সাদা বল নিয়ে দ্বিতীয়বার আলোচনা হয়নি। নতুন অধিনায়কের দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে আছেন সাকিব, পরের নাম লিটন। তবে শেষপর্যন্ত বিশ্বকাপে কে দায়িত্ব সামলাবেন, সেই নামটি আজই চূড়ান্ত হয়ে যাবে এই বোর্ডসভায়।

অধিনায়ক নির্বাচন করতে দেরি হওয়ায় আটকে আছে আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা। একই সঙ্গে গৌণ হয়ে পড়েছে অধিনায়ক ইস্যুর আগে বহুল আলোচিত ব্যাটিং পজিশনের সাত নম্বরের ক্রিকেটারের নির্বাচন। আজ অধিনায়ক বেছে নিলে আটকে থাকা এশিয়া কাপ দল প্রকাশ করতে পারেন নির্বাচকরা। যা একপ্রকার বিশ্বকাপ দলও। তখন সাত নম্বরের অনিশ্চয়তাও কাটবে। একই সঙ্গে আজ ছুটি কাটিয়ে দেশে ফেরার কথা আছে জাতীয় দলের কোচিং স্টাফদেরও। তারা অনুশীলনে যোগ দেবেন খুব সম্ভব এক দিন পর।

তামিম নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় একটা বিষয়ে স্বস্তি, তামিমকে আর অধিনায়ক হয়ে হাথুরুর সঙ্গে আলাপ করতে হবে না। ৫ জুলাইয়ের পর সম্ভবত প্রথমবার নিউজিল্যান্ড সিরিজের আগে মুখোমুখি হবেন এ দুজন। তার আগেই নতুন অধিনায়কের সঙ্গে বিশ্বকাপ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলবেন হাথুরু।