নির্বাচনে না এলে জনগণ বিএনপির কবর রচনা করবে: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপি যদি নির্বাচনের পথে না আসে, তাহলে বাংলার জনগণ তাদের কবর রচনা করবে।

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনাদেরকে বলতে চাই- আপনাদের ভুল পথ ত্যাগ করতে হবে। ভুল পথ ত্যাগ করে সঠিক পথে, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে যদি না আসেন তাহলে বাংলার জনগণ দেশের মাটিতে আপনাদের কবর রচনা করবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিএনপি এখন খালি দিনক্ষণ দেয়? শেখ হাসিনাকে উৎখাত করবে? কী কারণে উৎখাত করবেন? মির্জা ফখরুল সাহেব ক্ষমতায় থাকতে কী করেছেন বাংলাদেশের জন্য? ক্ষমতায় থাকতে রক্তে প্লাবিত করেছেন বাংলাদেশকে। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন। তারেক রহমান সরকারের পাশে আরেকটি হাওয়া ভবন সরকার গঠন করেছিল। লুটপাট-সন্ত্রাসের হেডকোয়ার্টার সৃষ্টি করেছিল। সেই জায়গা থেকে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যার করার নির্দেশ দিয়েছিল।

তিনি বলেন, যারা মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত কেটেছে, পা কেটেছে, সেই বিএনপি এখন বলে আইনের শাসনের কথা। সেই বিএনপি এখন শোনায় মানবাধিকারের কথা? সেই বিএনপি এখন বলে গণতন্ত্রের কথা? যারা ভোট বাক্স ছিনিয়ে নিয়েছে, যারা হ্যাঁ-না ভোট করে একশ শতাংশেরও বেশি ভোট নিয়েছিল? তারা বলে এখন গণতন্ত্রের কথা।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহম্মদ রতন প্রমুখ।