কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছেলে শহিদ উল্ল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (৭ আগস্ট) রাতে খাগড়াছড়ি জেলার রামগড় থানার মনোহরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে আসামিকে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে উপজেলার নাথেরপেটুয়া ইউপির কান্দি গ্রামে আবদুল করিমকে তার আপন তিন ছেলে ফয়েজ উল্ল্যাহ, অহিদ উল্ল্যাহ ও শহীদ উল্ল্যাহ এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সাফিয়া বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় চলতি বছরের গত (১০ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ছেলে ফয়েজ উল্ল্যাহ, অহিদ উল্ল্যাহ ও শহীদ উল্ল্যাহকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সম্প্রতি অহিদ উল্ল্যাহ গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুআসামি অহিদ উল্ল্যাহ ও শহীদ উল্ল্যাহ আত্মগোপনে চলে যায়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ উল্ল্যাহকে খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাক থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামি ফয়েজ উল্ল্যাহকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিউল আলম দেশ রূপান্তরকে বলেন , মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদ উল্ল্যাহকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল মাহমুদ ও এএসআই শাহাজাদা ফোর্স নিয়ে খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাক থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। বাকি একজন পলাতক আসামিকে গ্রেপ্তার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।