ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে লোকসভায় বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে।
সদ্য লোকসভার সদস্যপদ ফিরে পাওয়া কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বিরোধী দলের পক্ষে বিতর্ক শুরু করবেন। বিতর্ক শেষে আইনপ্রণেতারা এই প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার ভোট দেবেন।
আজ মঙ্গলবার (০৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ভোটে মোদি সরকারের পরাজিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ লোকসভায় ক্ষমতাসীন দল বিজেপি ও তার মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যদিও বিরোধী দলীয় নেতারা বলছেন, এই বিতর্ক মণিপুর রাজ্যে চলমান সহিংসতার ঘটনাগুলো নিয়ে মোদিকে কথা বলতে বাধ্য করবে।
চলমান অধিবেশনটি শুরু হয়েছে গত ২০ জুলাই থেকে। অধিবেশন শুরুর পর থেকেই বিরোধী দলীয় নেতারা মণিপুরের সহিংসতা নিয়ে বক্তব্য দিতে প্রধানমন্ত্রী মোদির কাছে দাবি জানিয়ে আসছেন। গত ৩ মে থেকে মণিপুরে সহিংসতা ছড়িয়ে পড়ে। মূলত সে সময় থেকে মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি এবং নাগা জনগোষ্ঠীর নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরোধ চলে আসছে। এসব ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছেন হাজারও মানুষ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সরকার এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তিনি বিরোধী দলের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ আনেন।
উল্লেখ্য, ২০১৮ সালে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হলেও তা ব্যর্থ হয়। তবে নতুন অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বিতর্কের মাধ্যমে ২৬টি বিরোধীদলের নতুন জোট ‘ইন্ডিয়া’ তাদের একাত্মতা প্রকাশের সুযোগ পাবে।