রহস্যময় অসুস্থ ছাত্রদল সভাপতি দায়িত্বে রাশেদ

ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে হঠাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অসুস্থতার’ কারণে আপাতত শ্রাবণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বিএপির কয়েকটি সূত্র বলছে ভিন্ন কথা। এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

একাধিক বিএনপি নেতা দেশ রূপান্তরের কাছে অভিযোগ করে বলেন, গত ২৯ জুলাই রাজধানী ঢাকার পাঁচটি প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে  ঢাকা মহানগর দক্ষিণে বিপুলসংখ্যক নেতাকর্মী থাকলেও মহানগর উত্তরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কম। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন তারেক রহমানের পক্ষ থেকে ফোন করা হলেও যথাসময়ে পৌঁছতে পারেননি শ্রাবণ। তবে শ্রাবণ সমর্থক ছাত্রদলের এক নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘দুয়েকজন জ্যেষ্ঠ নেতা তাদের ব্যক্তিস্বার্থে শ্রাবণ ভাইকে ব্যবহার করতে না পেরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়েছেন।’