'পৃথিবীর ফুসফুস' আমাজন রক্ষায় জোট বাঁধল ৮ দেশ

‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত বিশ্বের বৃহত্তম বনভূমি আমাজনকে রক্ষা করতে জোট হিসেবে কাজ করতে একমত হয়েছে দক্ষিণ আমেরিকান আটটি দেশ।

স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলে আমাজন কো-অপারেশন ট্রিটি অর্গানাইজেশনের (এসিটিও) ঘনিষ্ঠ পর্যবেক্ষণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমাজন রক্ষার ঘোষণাপত্রে স্বাক্ষর করে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনিজুয়েলা।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

ব্রাজিলের পারা রাজ্যের রাজধানী ও আমাজন নদীর উৎসমুখে অবস্থিত বেলেম শহরে এক সম্মেলনে বসে এসব দেশ। দুই দিনের এই শীর্ষ সম্মেলনে বিশ্বের সবচেয়ে বড় এই রেইন ফরেস্টকে ধ্বংস হওয়া থেকে রক্ষার প্রতিশ্রুতি নেন জোটের আট সদস্য দেশের নেতারা।

যদিও বন উজাড় বন্ধ করার জন্য একক কোন লক্ষ্যে সম্মত হতে পারেনি দেশগুলো। তবে বন উজাড় বন্ধে নিজ নিজ লক্ষ্য ও পদক্ষেপ অনুসরণ করবে তারা।

আমাজন রক্ষায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই সম্মেলনকে একটি ‘নতুন ও উচ্চাভিলাষী এজেন্ডা বণ্টন’ হিসেবে দেখছে আয়োজক দেশ ব্রাজিল। টেকসই উন্নয়ন, বন উজাড় বন্ধ ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রায় ১০ হাজার শব্দের রোডম্যাপ তৈরি করা হয়েছে।

তবে ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধে ব্রাজিলের প্রতিশ্রুতি এবং নতুন তেল অনুসন্ধান বন্ধে কলম্বিয়ার অঙ্গীকারের সাথে একমত হতে পারেনি অন্যান্য দেশগুলো। এ ছাড়া পরিবেশবাদী ও আদিবাসী গোষ্ঠীগুলোর মূল দাবির সঙ্গেও একমত হতে পারেনি জোটের সব দেশ। ফলে আমাজন রক্ষায় নিজ নিজ লক্ষ্য ও পদক্ষেপ অনুযায়ী কাজ করবে তারা।

ব্রাজিলের পরিবেশগত অবস্থানের উন্নতির জন্য আন্তর্জাতিক খ্যাতি পাওয়া প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধে একটি সাধারণ নীতির পিছনে এই অঞ্চলকে একত্রিত করার জন্য জোর দিয়েছিলেন।

অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো একটি "মার্শাল প্ল্যান"- কৌশলের আহ্বান জানান যাতে জলবায়ু রক্ষার জন্য পদক্ষেপের বিনিময়ে উন্নয়নশীল দেশগুলির ঋণ বাতিল করা হয়।

পৃথিবীর জীববৈচিত্র্যের আনুমানিক ১০ শতাংশ রয়েছে আমাজনে। ৫০ মিলিয়ন মানুষ ও কয়েক বিলিয়ন গাছের আবাসস্থল বিশাল আমাজন একটি অত্যাবশ্যক কার্বন সিঙ্ক, যা বৈশ্বিক উষ্ণতা কমাতে প্রচুর অবদান রাখছে।

পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা, এখনই বন ধ্বংস ঠেকানো না গেলে ২০৫০ সালের মধ্যে বনাঞ্চলটি হয়তো বিলীন হয়ে যাবে। যা ডেকে আনবে মারাত্মক জলবায়ু বিপর্যয়।