এক বছর পর নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য কিউইদের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। তাতে অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপেও বোল্টকে দেখার সম্ভাবনা উজ্জ্বল হলো।
গত বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত নেন বোল্ট। তখন থেকেই জাতীয় দলের বাইরে তিনি। এ বছরের শুরুতে বোর্ডের সঙ্গে ক্যাজুয়াল প্লেয়িং অ্যাগ্রিমেন্ট (অনিয়মিত চুক্তি) করেন। সেই সুবাদেই ফের ওয়ানডে দলে ফেরা তার।
বোল্টের সঙ্গে কাইল জেমিসনও দলে ফিরেছেন। জেমিসনের চোট ছিল। সেই চোট কাটিয়ে দলে ফেরার মধ্য দিয়ে তারও বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো বলা চলে।
জেমিসন সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের এপ্রিলে। আর বোল্ট খেলেছিলেন ২০২২ সালের সেপ্টেম্বরে।
কেন উইলিয়ামসন এখনো চোট থেকে সেরে না ওঠায় ইংল্যান্ড সফরেও নিউজিল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। তবে উইলিয়ামসন ইংল্যান্ডে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেবেন।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ইংল্যান্ড সফর শুরু করবে নিউজিল্যান্ড। এরপর খেলবে সমান ম্যাচের ওয়ানডে সিরিজ।
নিউজিল্যান্ডে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে তিনটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম এই দুই সিরিজে খেললেও ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে খেলবেন না। দুজনই সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরবেন।
গত এপ্রিল-মেতে পাকিস্তান সফর করেছিল নিউজিল্যান্ড। সেটাই তাদের সবশেষ ওয়ানডে সিরিজ। সেই সময় আইপিএলের কারণে অনেকে ওয়ানডে স্কোয়াডে ছিলেন না। তবে ইংল্যান্ডের বিপক্ষে টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, ডেভন কনওয়ে, ফিল এলেন, লকি ফার্গুসনদের নিয়ে শক্তিশালী দলই গড়েছে কিউইরা।
দুবাইয়ে আগামী ১৭, ১৯ ও ২০ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। এরপর পাড়ি দেবে ইংল্যান্ডে। ৩০ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর।
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।