বোয়ালমারীকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সারা দেশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২২ হাজার ১০১ গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়।

এ প্রকল্পের আওতায় বোয়ালমারীর ৪১৪ পরিবারকে পুনর্বাসনের মধ্য দিয়ে উপজেলাটি ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বোয়ালমারী উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৩৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ পাকা ঘর দেওয়া হয়েছে।

বুধবার ৪র্থ পর্যায়ে আরও ৭০টি ঘর ও ২ শতাংশ জমি দানের মাধ্যমে ‘ক’ শ্রেণির ৪১৪ ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে হলো।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, উপকারভোগী ইনছুর শেখ, স্বপ্না বেগমসহ আরও অনেকে।

এর আগে উপজেলাটিকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করায়, পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়।