নাইজারের বন্দী প্রেসিডেন্টকে শুকনো ভাত খেতে বাধ্য করছে জান্তা

নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে শুকনো ভাত এবং পাস্তা খেতে বাধ্য করছে বিদ্রোহীরা। গত মাসের শেষের দিকে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। পরে তাকে বন্দী করে আটকে রাখে সামরিক জান্তা।

গতকাল বুধবার (০৯ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমকে আলাদা করে রাখা হয়েছে। তিনি এক বন্ধুর কাছে পাঠানো বার্তায় অভিযোগ করেছেন, তাকে সব ধরনের মানবিক যোগাযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন রয়েছেন তিনি। এমনকি তাকে খাবার বা ওষুধ সরবরাহও করা হচ্ছে না।

এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমকে আটক করে ‘শোচনীয় অবস্থায়’ রাখায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, আটক হওয়ার পর প্রেসিডেন্ট বাজুম এবং তার পরিবার শোচনীয় অবস্থার মধ্যে জীবনযাপন করছেন।

জাতিসংঘ প্রধানের মুখপাত্র বলেন, অ্যান্তোনিও গুতেরেস ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুম ও তার পরিবারের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং নিঃশর্ত মুক্তি দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন। যদিও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ক্ষমতা ছাড়তে অস্বীকার করছে সামরিক জান্তা।