কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা মোহাম্মদ ইদ্রিস মোল্লা (৬৮) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু।

তিনি জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ ইদ্রিস মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইদুর রহমান মিন্টু বলেন, ৫৩ নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মোল্লাকে গত ২৯ জুলাই রাতে কদমতলী থানা পুলিশ গ্রেপ্তার করে। আগে অন্য মামলা থাকলেও মাতুয়াইলের অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত জামিন না দিয়ে জেলখানায় পাঠায়।