দুর্নীতির মামলায় রিজেন্টের সাহেদের রায় ২১ আগস্ট

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের রায় জানা যাবে আগামী ২১ আগস্ট। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় এ মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন।

করোনাকালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সাহেদ অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন।

২০২০ সালের নভেম্বরে সম্পদের হিসাব চেয়ে সাহেদকে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন।

তবে সম্পদের হিসাব বিবরণী তিনি জমা দেননি। তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ মামলা করে দুদক। গত বছরের ২ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। এরপর ওই বছরের ১৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। শুনানিকালে সাহেদের বিরুদ্ধে ১০ জন সাক্ষী সাক্ষ্য দেয়।